গাজীপুরে বাসদের সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশ : 22 Nov 2024
গাজীপুরে বাসদের সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ২২ নভেম্বর ২০২৪ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে গাজীপুরে বাসদের সমাবেশে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে গাজীপুরের চৌরাস্তায় বাসদের সমাবেশ শুরু আগে স্থানীয় বিএনপি নেতা মোবারকের নেতৃত্বে এক দল সন্ত্রাসী হামলা করে সমাবেশ মঞ্চ ও চেয়ার ভাংচুর করে। এক পর্যায়ে দলের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। পরে ভাঙা মঞ্চেই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।

কমরেড ফিরোজ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলাকারীদের অবিলম্ব গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বলেন, জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী যে কোন পদক্ষেপকে অতীতের ৬৯ ও ৯০ এর গণঅভ্যুত্থানের মতোই প্রতিরোধ করা হবে। এ বিষয়ে সজাগ থাকার জন্য তিনি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।

কমরেড বজলুর রশিদ ফিরোজ আরও বলেন, জুলাই অভ্যুত্থানে দেড় হাজার শহীদের মধ্যে এক হাজারের বেশি শ্রমজীবী মানুষ। তারা যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য প্রাণ দিয়েছেন সেই চেতনার প্রতি সম্মান রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম বেগবান করতে হবে।


সম্পর্কিত খবর

;