ডেস্ক রিপোর্ট: দেশের শেয়ারবাজার আগের দিনের ধারাবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।এদিন ব্যাংক ও আর্থিক খাতের দাপটে শেয়ারবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন ২১০০ কোটি টাকার উপরে হয়েছে।
এ বিষয়ে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে গতি ফিরে এসেছে শেয়ারবাজারের। এটা বাজারের জন্য ইতিবাচক।
এ বিষয়ে বিনিয়োগকারী আব্দুল রাজ্জাক বলেন, অনেকদিন পর ব্যাংকের শেয়ারের দর চাঙ্গা এটা বাজারের জন্য ইতিবাচক। তিনি বলেন, অধিকাংশ ব্যাংক মুনাফা করেছে তারপরও ব্যাংকের শেয়ারের দর সে ভাবে বাড়ছে না এটা বিনিয়োগকারীদের জন্য খুবই হতাশাজনক। গত একবছরে আমরা সাধারন বিনিয়োগকারীরা দেখলাম ব্যাংকের ঘোষিত লভ্যাংশ অনেক আকর্ষণীয় এবং ব্যাংকের শেয়ার প্রতি ইপিএস অনেক ভাল, তার পর ব্যাংকের শেয়ারের দর সেই হারে বাড়ছে না।
গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার মাধ্যমে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এ বড় উত্থান প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। বিশেষ করে লেনদেনের শেষদিকে বাছাই করা একের পর এক ভালো কোম্পানির শেয়ার দাম বাড়তে থাকে। ফলে সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে শেষ হয় লেনদেন। ডিএসইতে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে একটি আলাদা গ্রুপ করা হয়েছে। ডিএসই-৩০ সূচকের আওতাধীন এ ৩০ কোম্পানির মধ্যে দিনের লেনদেন শেষে ১৯টি দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে।
বিপরীতে দাম কমেছে ১১টির। বাছাই করা ভালো কোম্পানির পাশাপাশি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। লেনদেনে অংশ নেওয়া ৩১টি ব্যাংকের মধ্যে ২৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩টির এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৬টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪টির এবং ২টির দাম অপরিবর্তিত রয়েছে।
অপরদিকে সব খাত মিলে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭২টির। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এর পরও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ২৯৭ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ্ ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৯১ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের বড় উত্থানের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ২ হাজার ১৩৫ কোটি ৭৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৯৮০ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৮৬ লাখ টাকা। টাকার অংকে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ১১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ১১১ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ১০৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- শাহজিবাজার পাওয়ার, সাইফ পাওয়ার টেক, বেক্সিমকো ফার্মা, জিপিএই ইস্পাত, অ্যাক্টিভ ফাইন, বিবিএস কেবলস এবং ম্যাকসন স্পিনিং।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।-আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments