আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের আলোচনার পর বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে—এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য অনুযায়ী, এই চুক্তির আওতায় ভারত বছরে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য আমদানি করবে এবং আমেরিকান পণ্যের উপর ভারতের আমদানি শুল্ক কার্যত শূন্যে নামিয়ে আনা হবে। ভারতের সংবাদমাধ্যম গণশক্তি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
ট্রাম্প আরও জানিয়েছেন, এর বদলে ভারতীয় পণ্যের উপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামানো হচ্ছে। উল্লেখ্য, এর আগে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছিল, যা পরে রাশিয়ার সঙ্গে ভারতের পেট্রোলিয়াম বাণিজ্যের প্রসঙ্গ তুলে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।
যদিও চুক্তির আর্থিক অঙ্ক বা শর্তাবলি নিয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত নথি প্রকাশ করেনি দুই দেশই, তবু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে “ভারতের বন্ধু” বলে সম্বোধন করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ভারত রাশিয়া থেকে তেল কেনার নীতি থেকে সরে আসছে এবং ভবিষ্যতে আমেরিকার প্রভাবাধীন ভেনেজুয়েলা থেকে তেল আমদানির দিকে ঝুঁকবে।
ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ইঙ্গিত দিয়েছেন যে দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বোঝাপড়া হয়েছে, যদিও চুক্তির পূর্ণ বিবরণ এখনও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, গত এক বছরেরও বেশি সময় ধরে ভারত–আমেরিকার মধ্যে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল। আমেরিকার তরফে ভারতের কৃষি ও ডেয়ারি বাজারে বহুজাতিক সংস্থাগুলির প্রবেশাধিকার চাওয়া হয়েছে বলে জানা গেছে। এই সম্ভাবনার বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে কৃষক সংগঠনগুলির মধ্যে উদ্বেগ ও প্রতিবাদও দেখা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যদি সত্যিই মার্কিন পণ্যের উপর ভারতের আমদানি শুল্ক শূন্য হয়, তবে তা দেশের বাজারে আমেরিকান বহুজাতিক সংস্থাগুলির প্রবেশ আরও সহজ করে দেবে, যার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে বিতর্ক চলতেই থাকবে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments