দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতি না ভাঙলে দুর্নীতির ধারা অব্যাহত থাকবে: সিপিবি

প্রকাশ : 26 Jun 2024
দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতি না ভাঙলে দুর্নীতির ধারা অব্যাহত থাকবে: সিপিবি

উচ্চবংশীয় গরু-ছাগলের সাথে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখা পাচ্ছে দেশবাসী

৬ জুলাই উপজেলা-থানায় দুর্নীতি বিরোধী সমাবেশের কর্মসূচি ঘোষণা


স্টাফ রিপোটার:  “দুর্নীতি হটাও, দেশ বাঁচাও”- এই শ্রোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত দেশব্যাপী বিক্ষোভ সমবেশ  ২৬ শে জুন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে ঢাকার পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে সিপিবি'র সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, উচ্চবংশীয় গরু-ছাগলের সাথে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখা পাচ্ছে দেশবাসী।

সমাজের “উচ্চ বংশীয়দের” সাথে যোগাযোগের মধ্য দিয়ে এবং তাদের ছত্রছায়াতেই এই অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে, অবাধ লুটপাট চলছে। দুর্বৃত্তায়িত অর্থনীতি ও রাজনীতি না ভাঙতে পারলে দুর্নীতির এই ধারা অব্যাহত থাকবে। মাঝেমধ্যে টোটকা ওষুধ দিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দেখানো হবে। কিন্তু লুটপাটের পথ বন্ধ না করতে পারলে লুটপাটকারি ও লুটপাটের ধারা বন্ধ করা যাবে না। তিনি লুটপাটকারী ও টাকা পাচারকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি করেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে অতীত ও বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল ও আছে তারা এই লুটপাটের ধারা তৈরি করেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে বামপন্থী পথের বিকল্প নাই। যারা প্রচলিত ব্যবস্থা ও ধারাকে পাল্টে দিয়ে সাধারণ মানুষের স্বপক্ষে নবতর ধারার সূচনা করবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ধারা আমরা সূচনা করতে চেয়েছিলাম, সেই ধারাকে অগ্রসর করে নেবে।

দেশবাসীকে এই ধারাকে অগ্রসর করতে বামপন্থার পথ ধরতে হবে। প্রচলিত ব্যবস্থায় প্রচার মাধ্যম, সামাজিক মাধ্যম- প্রচলিত ব্যবস্থার মধ্যেই সমাধান খোঁজার কথা বলতে চায়। এই সাময়িক টোটকা ওষুধ দিয়ে এ অবস্থার পরিবর্তন করা যাবে না। তাই দেশবাসীকে চলমান-দুঃশাসনের অবসান, গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের সংগ্রামকে অগ্রসর করতে হবে।

আজ ২৬ জুন ২০২৪ বিকেলে ঢাকার পুরানা পল্টন মোড়ে সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল, জলি তালুকদার, কাজী রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন, ডা. ফজলুর রহমান, অনিরুদ্ধ দাশ অঞ্জন, লুনা নূর, সাদেকুর রহমান শামীম, নিমাই গাঙ্গুলী, আবিদ হোসেন, রাগিব আহসান মুন্না, মানবেন্দ্র দেব, লাকী আক্তার, জাহিদ হোসেন খান প্রমুখ।

সমাবেশ থেকে আগামী ৬ জুলাই দেশের সকল উপজেলা থানায় দুর্নীতি বিরোধী সমাবেশ -বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া আগামী ২ জুলাই বাম গণতান্ত্রিক জোট আহুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের বিক্ষোভ সফল করার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পুরানা পল্টন, মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, জিপিও, বায়তুল মোকাররম হয়ে মুক্তিভবনে এসে শেষ হয়।



সম্পর্কিত খবর

;