ডেস্ক রিপোর্ট: শেয়ারবাজারে আজ থেকে ঋণসুবিধা আরও একটু সহজ হচ্ছে। শেয়ারের বিপরীতে ঋণসুবিধা দেওয়ার ক্ষেত্রে শর্ত আরও একটু শিথিল করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত সপ্তাহের সর্বশেষ কার্যদিবস বুধবার প্রান্তিক (মার্জিন) ঋণের শর্ত শিথিল করে নতুন নির্দেশনা জারি করে বিএসইসি। তাতে বলা হয়, এখন থেকে ‘এ’ শ্রেণিভুক্ত ৩০ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে ৫০ মূল্য আয় অনুপাত বা পিই রেশিও পর্যন্ত ঋণসুবিধা পাবেন বিনিয়োগকারীরা। আগে ৫০ কোটি টাকার পরিশোধিত মূলধনের কোম্পানিগুলোকে এ সুবিধা দেওয়া হতো। সেই শর্ত শিথিল করে এখন ৩০ কোটিতে নামিয়ে আনা হয়েছে।
তবে বিএসইসি জানিয়েছে, সর্বোচ্চ এই ঋণসুবিধা দেওয়া হবে কেবল 'এ' শ্রেণিভুক্ত, অর্থাৎ ভালো মৌলভিত্তির শেয়ারের ক্ষেত্রে; যেসব শেয়ার সর্বশেষ টানা তিন বছর এ শ্রেণিভুক্ত রয়েছে, তাদের। এর বাইরে অন্যান্য শেয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ ঋণসুবিধা মিলবে ৪০ পিই রেশিও পর্যন্ত।
ধরা যাক, কোনো একটি কোম্পানির শেয়ারের বাজারমূল্য ১০০ টাকা। আর ওই কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ১০ টাকা। তাহলে কোম্পানিটির মূল্য আয় অনুপাত দাঁড়াবে ১০। কারণ, শেয়ারের বাজারমূল্যকে আয় দিয়ে ভাগ করে মূল্য আয় অনুপাত হিসাব করা হয়। এখন বিএসইসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই কোম্পানির শেয়ারের দাম ৫০০ টাকা অতিক্রম না করা পর্যন্ত ওই শেয়ারের বিপরীতে ঋণসুবিধা পাবেন বিনিয়োগকারীরা। এত দিন এই ঋণসুবিধা ৪০ পিই পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তাতে কোম্পানিটির শেয়ারের দাম ৪০০ টাকা অতিক্রম না করা পর্যন্ত ঋণসুবিধা পেতেন বিনিয়োগকারীরা।
গত বুধবার ঋণের শর্ত শিথিলের পর সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ফলে বাজারে এ সিদ্ধান্তের কী প্রভাব পড়ে, তা বোঝা যায়নি। ছুটি শেষে আজ সপ্তাহের লেনদেন শুরু হচ্ছে। তাই ঋণের শর্ত শিথিলের কী প্রভাব পড়ে, সে দিকেই নজর থাকবে বিনিয়োগকারীদের। গত কয়েক দিনে বাজারের লেনদেনে কিছুটা গতি দেখা যাচ্ছে। এ অবস্থা ধরে রেখে বাজার গতিশীল করতেই মূলত ঋণের শর্ত শিথিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে বিনিয়োগকারীরা ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগে আকৃষ্ট হন।
ঋণের শর্ত শিথিলের কারণ জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম গত রাতে প্রথম আলোকে বলেন, ঋণদাতা প্রতিষ্ঠান ও বাজার মধ্যস্থতাকারীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভালো শেয়ারে দীর্ঘ মেয়াদে বিনিয়োগে আকৃষ্ট হন বিনিয়োগকারীরা।
এখন দেখার বিষয়, ভালো শেয়ারে বিনিয়োগে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে, নাকি স্বল্প মূলধনী ও কারসাজির শেয়ারই বাজারে দাপট দেখায়।
প্রথমআলো
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments